তথ্য ও সম্প্রচারমন্ত্রী: ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন, যুগোপযোগী আইন নেই
সাইবার জগৎ ও ডিজিটাল প্ল্যাটফর্ম আসার পর তথ্যের সংজ্ঞা বদলেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সময়োপযোগী আইন-কানুন এবং দায়িত্বশীল কাঠামো এখনও তৈরি হয়নি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন-কানুন ও কাঠামো তৈরি করা হয়নি।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পাবনা জিলা স্কুল চত্বরে ইয়াং জার্নালিস্ট ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি।
তিনি বলেন, বর্তমান সময়ের তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য মন্ত্রণালয়ের পুরোনো কাঠামোকে আমূল পরিবর্তন করা প্রয়োজন।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনের বিষয়ে পূর্ণ অবগত আছেন। খুব দ্রুতই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুগোপযোগী পরিবর্তন আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী ও পাবনা জাসাসের আহ্বায়ক খালেদ আহমেদ পরাগ, পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামানসহ পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান ও সাধারণ সম্পাদক রনি ইমরান প্রমুখ।
আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এএসএম