2026-04-04 / 17:49 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

রাজনীতি

মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক

ঘোড়ামারা এলাকায় অভিযানে মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও কর্মচারীসহ দুইজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

প্রকাশিত 2026-04-03 20:56 +06 | jagonews24.com | rss Feed

মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক

কুমিল্লায় একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২) এবং নগরীর রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভুঁইয়ার ছেলে মো. শরিফুল ইসলাম ভুঁইয়া ওরফে সানি (৪২)।

শরিফুল ইসলাম ভুঁইয়া ওরফে সানি ‘যত্নের মায়া’ নামে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক এবং আশরাফুল ইসলাম আকাশ ওই প্রতিষ্ঠানের কর্মচারী।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের ভয়ভীতি দেখানো হতো। শুধু তাই নয়, সেখানে মাদকাসক্তদের গাদাগাদি করে রাখা, নির্যাতন চালানো এবং টাকার বিনিময়ে সুস্থ মানুষদের ধরে এনে চিকিৎসার নামে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এএসএম