2026-04-04 / 17:51 +06 / Bangladesh 62F
The Daily Dhaka News

সমগ্রভিত্তিক প্রতিবেদন, দ্রুততার জন্য সমন্বিতভাবে উপস্থাপিত।

রাজনীতি

হাওরের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে জলাবদ্ধতা ও ফসলহানির আশঙ্কা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং হেলিকপ্টারে পরিদর্শনের পরামর্শও দিয়েছেন তিনি।

প্রকাশিত 2026-04-03 19:28 +06 | jagonews24.com | rss Feed

হাওরের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি

সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের জলাবদ্ধতা ও কৃষকদের দুর্ভোগ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। চিঠিতে তিনি জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ চিঠি দেন। এতে হাওরাঞ্চলের চলমান সংকট, কৃষকের একমাত্র ফসল হারানোর শঙ্কা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন।

চিঠিতে তিনি লেখেন, আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না। তবে বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি। আমরা হাওর পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন কিন্তু পারছেন না।

আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ দরকার।

চিঠিতে তিনি অনুরোধ করে সুপারিশ করেন, প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।‘

তিনি আরও লেখেন, আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি, আপনি পারবেন ইনশাল্লাহ। চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের নাম উল্লেখ করেন।

প্রসঙ্গত, আইনজীবী শিশির মনির জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী।

লিপসন আহমেদ/কেএইচকে/এএসএম